সন্ধ্যা নামতেই সিলেটের ইসকন মন্দির প্রাঙ্গণে জ্বলে ওঠে সারি সারি প্রদীপ। ভগবান দামোদরের উদ্দেশে প্রদীপ নিবেদন করতে আসেন নানা বয়সের মানুষ। কেউ পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন দীপদানে, কেউ আবার মন্দিরে এসে দামোদর দীপদানের মহিমা শোনেন। প্রদীপের আলোয় মন্দির প্রাঙ্গণ দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। কার্তিক মাসজুড়ে চলা এ আয়োজনে প্রতিদিনই বাড়ছে মানুষের অংশগ্রহণ।
মঙ্গলবার (৩ নভেম্বর) ছিল মাসব্যাপী দামোদর দীপদান উৎসবের নবম দিন।
গত ২৬ অক্টোবর শুরু হওয়া এ উৎসব চলবে পুরো কার্তিক মাসজুড়ে। প্রতিদিন সন্ধ্যায় ইসকন সিলেট মন্দিরে গৌরসুন্দরের আরতির পর অনুষ্ঠিত হচ্ছে দীপদান। এ সময় ভক্ত ও দর্শনার্থীরা প্রদীপ জ্বালিয়ে ভগবান দামোদরের উদ্দেশে প্রদীপ নিবেদন করেন। পাশাপাশি রয়েছে ধর্মীয় আলোচনা, দামোদরাষ্টকম,হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন।
উৎসবে অংশ নিতে আসা হালদারপাড়ার এক ছাত্রী সম্প্রতি এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেছেন। তিনি বলেন, ‘দামোদরের কৃপায় আমার ফলাফল অত্যন্ত ভালো হয়েছে। এ জন্য আমি কৃতজ্ঞ। দীপদান উৎসবে অংশ নিতে পেরে আমার খুব ভালো লাগছে।
উৎসবে আসা ব্যবসায়ী বিনোদ দাস বলেন, ‘আমি প্রায়ই মন্দিরে আসি। তবে দামোদর মাসটি আমার কাছে অত্যন্ত প্রিয়। এ মাসে ইসকন মন্দিরে দীপদান, আলোচনা ও মহাপ্রসাদের আয়োজন করা হয়। সব মিলিয়ে পুরো আয়োজনটি আমার কাছে খুব আকর্ষণীয়।
শুধু সন্ধ্যার দীপদান নয়, কার্তিক মাসজুড়ে ধর্মীয় প্রচার ও ভক্তিমূলক নানা কার্যক্রমও পরিচালনা করছে ইসকন সিলেট। প্রতিদিন সকালে মন্দির থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে নগরের বিভিন্ন এলাকায় বের হন ভক্তরা। তাঁরা নগরসংকীর্তন করেন। এ সময় ভক্তদের নৃত্য ও হরিনাম কীর্তনে অংশ নেন স্থানীয় বাসিন্দারাও। কৃষ্ণভক্তির বাণী মানুষের কাছে পৌঁছে দিতে এসব কার্যক্রমে আগ্রহ নিয়ে যুক্ত হচ্ছেন অনেকে।
কার্তিক মাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এ মাসে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের উদ্দেশে প্রদীপ নিবেদন করেন ভক্তরা। শ্রীমদ্ভাগবতে বর্ণিত দামোদর লীলার স্মরণে এ আয়োজন করা হয়। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, এ মাসে ভক্তিভরে ভগবানের উদ্দেশে প্রদীপ নিবেদন করলে বিশেষ কৃপা লাভ করা যায়।
ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী বলেন, ‘কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়। এ মাসে ভগবান দামোদরের উদ্দেশে প্রদীপ নিবেদনের বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে মানুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা জানুক এবং তাঁর প্রতি আগ্রহী হোক। সবাই পরিবার-পরিজন নিয়ে মন্দিরে এসে দীপদান উৎসবে অংশ নিতে পারেন।
কার্তিক মাসের শেষ দিন পর্যন্ত ইসকন সিলেটে প্রতিদিন সন্ধ্যায় এ আয়োজন চলবে। আয়োজকেরা আশা করছেন, উৎসবের বাকি দিনগুলোতেও দর্শনার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে।