খুলনার দিঘলিয়ায় ঘরের মধ্যে বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। আজ মঙ্গলবার ০৩ নভেম্বর ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে ওই জামায়াত নেতার বাড়িতে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা বিস্ফোরণে তিনি নিজেই আহত হয়েছেন ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সেনহাটী কলের পুকুরের পশ্চিম পাশে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম (৬৩) ফজরের নামাজ পরে মসজিদ থেকে ঘরে ফেরার সময় নিজ বসত ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পেয়ে ঘরে নিয়ে যায়।

মুড়ির প‍্যাকেট ঘরের ভিতর ফ্লোরে রাখার সাথে সাথে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে জামায়াত নেতা মনিরুলের শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়। ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমা রেখে বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি জানান।