ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে ইতিমধ্যে মজুরি কমিশন বোর্ড গঠন করেছে সরকার। মজুরি বোর্ড তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শ্রমিক ভাই-বোনদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল সরকার।

তারপরও এখনো যারা আন্দোলন করছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। নাশকতার অভিযোগে ইতিমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত করে দেখা গেছে তারা কেউ শ্রমিক না। তবে শ্রমিক সেজে যারা উসকে দিচ্ছে বিশৃঙ্খলা নাশকতা করছে, তাদের প্রতি পুলিশ অত্যান্ত কঠোর।

তিনি মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শ্রমিক ভাই-বোনেরা ভাল করেই জানে তাদের দাবীর প্রেক্ষিতে মজুরি কমিশন বোর্ড গঠন হয়েছে। মজুরি কমিশন বোর্ডে কারখানার মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ থাকে। তারা আলোচনা সাপেক্ষে একটা সমাধানে আসবে।

তিনি শ্রমিক ও মালিকদের আহবান জানিয়ে বলেন, আপনারা কাজে মনোনিবেশ করেন। আপনাদের নিরাপত্তার ব্যবস্থা পুলিশ দেখছে। আর মালিকপক্ষ আপনারা কারখানা চালু রাখুন। কারখানা ও অন্যান্য নিরাপত্তার বিষয়টি আমরা দেখবো। এমন কি কারখানা, শ্রমিক ভাই-বোনের পাশাপাশি আমরা জনগণের নিরাপত্তার বিষয়টিও দেখবো।