বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (৪২) নামে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে লিয়াকত শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত আলী মুসা শেখ ওই গ্রামের মৃত আজিত শেখের ছেলে।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে সরু রাস্তার কারণে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারেননি। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলী মুসা।
তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অগ্নিকাণ্ডে ঘরসহ নগদ টাকা ও মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, জমি বিক্রির টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।