যশোর শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ৪ নভেম্বর কেশবপুরের আলতাপোল গ্রামের বিশ্বাসপাড়ার মৃত রাজালী বিশ্বাসের ছেলে জুলাইযোদ্ধা আব্দুল হালিম বাদী হয়ে এ মামলা করেছেন। এ ঘটনায় কোনো আসামিকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় গরীব শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়। মোটরসাইকেলে করে তিন ব্যক্তি ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে দুজন মোটরসাইকেল থেকে নেমে একটি পাত্র থেকে দাহ্য পদার্থ বের করে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এতে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে আগুনের কারণে কালো দাগ পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পারেন কেশবপুরের বাসিন্দা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আব্দুল হালিম। তিনি ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন।
ফুটেজে তিন ব্যক্তির মোটরসাইকেলে ঘটনাস্থলে আসা এবং দুজনের নেমে অগ্নিসংযোগের দৃশ্য দেখা যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় জুলাই-২০২৪-এর চেতনাকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করা হয়েছে। অগ্নিসংযোগে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি সহযোগী, মদদদাতা ও অর্থ জোগানদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাদী।