সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে জনসংযোগ ও মতবিনিময় কার্যক্রম জোরদার করেছেন তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ আশরাফুর রহমান এনাম। নির্বাচনে জয়-পরাজয়ের হিসাবের চেয়ে মানুষের আস্থা, ভালোবাসা ও সেবার মানসিকতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তাঁর প্রত্যাশা, চেয়ারম্যান নয়, মানুষের সেবক হয়ে আজীবন জনকল্যাণে কাজ করবেন।
গত বুধবার রাতে গোবিন্দনগর গ্রামের শামীম আলমের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট আবুল কালাম (কনু মিয়া) সভায় সভাপতিত্ব করেন। লিটন ও রাসেল আহমদের যৌথ পরিচালনায় সভায় আশরাফুর রহমান এনামের সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক ভাবনা এবং ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন আলহাজ আব্দুল কুদ্দুছ, আলহাজ আলকাছ আলী, মাস্টার আরশ আলী, সুফিনগর মসজিদের মোতাওয়াল্লি সিরাজ মিয়া, লন্ডনপ্রবাসী আছাব আলী, মনির উদ্দিন, ইলিয়াস আলী, ফারুক আহমদ, জমির আলী, আব্দুল মালিক, আব্দুল হক, আলা উদ্দিন, সমুজ আলী, মাহবুর কামাল, আলহাজ আরমান আলী, লোকমান হোসেন, গীতিকার মনছুর আহমদ মুনসুর, শামীম আলম, কবির আহমদ, আব্দুস সালাম, নুরুল ইসলাম, আলী হোসেন ও ফয়ছল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, আশরাফুর রহমান এনামের সামাজিক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁদের আশাবাদী করেছে। তাঁরা তাঁর প্রতি ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তিনি দলীয় মনোনয়ন পেলে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় মনোনয়ন পেলে তাঁর পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন বক্তারা।
আশরাফুর রহমান এনাম বলেন, এলাকার মানুষের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক রয়েছে। তাঁদের সুখ-দুঃখের অংশীদার হওয়া এবং মানুষের কল্যাণে কাজ করাই তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের অন্যতম লক্ষ্য।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। রাস্তাঘাটের উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়া ক্ষমতা কিংবা ব্যক্তিগত মর্যাদা অর্জনের বিষয় নয়; বরং মানুষের কথা শোনা, সমস্যা চিহ্নিত করা এবং সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখার সুযোগ। নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করতে চান।
যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার পরিবেশ উন্নত করা, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অবহেলিত এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
সভা শেষে দেশ, জাতি ও এলাকাবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সভার সভাপতি বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট আবুল কালাম (কনু মিয়া)।
আনোয়ার হোসেন রনি