বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য নাশকতা মোকাবেলায় ১০ প্লাটুন আনসার-ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ৬ ও নারায়ণগঞ্জে ৪ প্লাটুন।

দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরণের নাশকতামূলক কর্মকা- চালাতে না পারে সেজন্য এই বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। তারা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী বিশেষ করে মহাসড়ক ও সরকারি স্থাপনার নিরাপত্তায় কাজ করছেন এ বাহিনীর সদস্যরা।

তিনি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর কোর্স সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- এই বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্ক থেকে আগত প্রশিক্ষক ও কর্মকর্তাসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যরা।

তিনি আরও বলেন, থানা, ওয়ার্ড, গ্রাম পর্যায়ে আমাদের যে জনশক্তি আছে। যেটা আপনারা বিভিন্ন নির্বাচনেও দেখেছেন। তারা বিভিন্ন ধরণের তথ্যগুলো আমাদের কাছে দিচ্ছে। কারা কারা কোথায় দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরণের পরিকল্পনা করছে? আমাদের সদস্যরা সেসব তথ্য আগেই দিচ্ছে। সেসব পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে ইতিমধ্যে সরকার মজুরি কমিশন বোর্ড গঠন করেছে। তারা মজুরি নির্ধারণে তাদের কার্যক্রম শুরু করেছে। তাই দুষ্কৃতিকারীরা যেন শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে জান মালের ক্ষতি ও জনগণের ভোগান্তির কারণ না হতে পারে, সে বিষয়ে আনসার ব্যাটালিয়ন সতর্ক অবস্থানে রয়েছে।
মহাপরিচালক বলেন, দাঙ্গা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘিœত হওয়ার মতো পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন মোকাবিলায়ও বাহিনীর সক্ষমতার প্রতিফলন ঘটেছে।

এর আগে আনসার একাডেমিতে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, একাডেমির কমান্ড্যান্ট ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। পাসিং আউট অনুষ্ঠানে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনজন অঙ্গীভূত আনসার সদস্যকে সম্মাননা দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর শুরু হওয়া ৬০ দিনব্যাপী এ প্রশিক্ষণে অনুমোদিত ৬৯২ জনের মধ্যে ৬৫৪ জন অংশ নেন।

তাদের মধ্যে ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। ফায়ারে প্রথম হন কুমিল্লার কাজী মো. আবু সাঈদ, ড্রিলে নোয়াখালীর মো. ফিজুর রহমান এবং সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হন খাগড়াছড়ির মো. সাবিকুর রহমান। মহাপরিচালক কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তুরস্কের জেন্ডামেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দাঙ্গা প্রতিরোধ বিষয়ক নিরাপত্তা মহড়া প্রদর্শন করা হয়।