নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য জাহিদ হাসান (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলখানা পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত জাহিদ হাসান রাফি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মহাদেবপুর উপজেলা কমিটির সদস্য। ঘোষপাড়া এলাকার ওয়াহিদ পারভেজ অমিকের বাসা থেকে জাহিদ হাসান রাফিকে গ্রেপ্তার করা হয়।
তিনি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চলতি বছরের ১৬ জুন মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভূক্ত ৮ নম্বর আসামি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গত রাতে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।