গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীনতা ও সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে দেশে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাটের ‘স্বপ্ন ছায়া’ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকার ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন,”সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় এবং সাংবাদিকসহ সরকারবিরোধী বহু মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার, মারধর ও নির্যাতন করা হয়েছে। সরকার জনগণের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি সাংবিধানিক সংশোধন কমিটি গঠনের মাধ্যমে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছে, অথচ তারা নির্বাচনে ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল।
ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসন ও সাম্প্রতিক শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ”ডিসেম্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্বাসিত হবে—এটি কোনো সাধারণ প্রোপাগান্ডা নয়, বরং দেশকে অস্থিতিশীল করতে দিল্লির প্রোপাগান্ডা। তবে ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই, যদিও গত আট মাস ধরে সরকার নানাভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে।
শ্রমিক অসন্তোষ নিয়ে তিনি বলেন,”শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পরে মজুরি বোর্ড গঠন করা সরকারের এক ধরণের গাফিলতি ছিল, যার সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ নাশকতার চেষ্টা চালিয়েছে।”
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সহ- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রুঞ্জু এবং সদস্য সচিব ইসমাঈল হোসেন হাদী।