খুলনার ডুমুরিয়ায় একটি পানের বরজ থেকে ৪৫ কেজি ওজনের তিনটি গাঁজাগাছ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় বরজের মালিক মোঃ হাসেম আলী সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার ০৬ নভেম্বর সকালে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামের একটি পানের বরজে অভিযান চালিয়ে গাঁজাগাছ তিনটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান।
এ সময় পানের বরজ থেকে তিনটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। গাছগুলোর উচ্চতা যথাক্রমে ১৮ ফুট, ১৫ ফুট ও ১২ ফুট। উদ্ধার করা গাছগুলোর মোট ওজন প্রায় ৪৫ কেজি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, পানের বরজের আড়ালে এসব গাঁজাগাছ চাষ করা হচ্ছিল। এ ঘটনায় বরজের মালিক হাসেম আলী সরদারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।