বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত আমির হিৃসাবে শপথ গ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকালে নওগাঁ শহরের আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরের শপথ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান,এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক জেলা আমির অধ্যাপক এ এইচ এম আবদুর রশিদ, সদ্য বিদায়ী জেলা আমি খন্দকার মোহাম্মদ আবদুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, এমপি, জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি আ স ম মামুন শাহিন বক্তব্য দেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর নওগাঁয় অনুষ্ঠিত রোকন সম্মেলনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে জেলা আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। পরে ৩ নভেম্বর কেন্দ্রীয়ভাবে মাওলানা মাহফুজুর রহমানকে নির্বাচিত জেলা আমির হিসাবে ঘোষণা করা হয়।
এর আগে মাওলানা মাহফুজুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তরের সহকারি সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।