ছয় বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ পরিকল্পনার কথা জানান।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিশনের এক নীতি-নির্ধারণী সভায় অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, ৬ থেকে ১৬ বছর বয়সীদের তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করা যেতে পারে।
বৈঠকে এ বিষয়ে বিস্তারিত কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটির সভাপতি এবং নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কার্যকর সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে।
বর্তমানে ১৭ বছর বয়স পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ রয়েছে। আর ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়। তবে নাগরিক পরিচয় নিশ্চিত করা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণের সুবিধার্থে কম বয়সীদেরও এনআইডির আওতায় আনার দাবি দীর্ঘদিনের। সেই বিবেচনায় এবার বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন।
এদিকে ইসির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।