করবো সমবায়, গড়বো দেশ সবার জন‌্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধার অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সমবায়ী ও বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সমবায়ী তুষার কুমার কান্তি, রজব আলী ও সাজ্জাদ হোসেন প্রমুখ।