বগুড়া জেলা পরিষদের উদ্যোগে নির্মিতব্য শেরপুর ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন – বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
রবিবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর পৌর শহরের হাজী পুরস্থ এলাকা এ ডাক বাংলোর নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন হয়। পরে এক আলোচনা সভা জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা( যুগ্ম সচিব) গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা পরিষদ, বগুড়ার অর্থায়নে ও বাস্তবায়নে নির্মিতব্য আধুনিক ডাকবাংলো ভবনটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ৭৮১টাকা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে শেরপুর উপজেলা পরিষদ এলাকায় সরকারি অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং দাপ্তরিক প্রয়োজনে আগত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় পর্যায়ে সরকারি অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের পরিবেশ উন্নত করার ক্ষেত্রে আধুনিক এ ডাকবাংলো ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অপরদিকে একই দিন বেলা দুইটার দিকে শেরপুর উপজেলা পরিষদ মিলায়নাতনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বার। অতপর ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ করেন।