ব্যাংকিং, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটা কিংবা অফিসের কাজ প্রায় সব ক্ষেত্রেই এখন ই-মেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। শুধু মেইল আদান-প্রদান নয়, বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরুদ্ধার ও পরিচয় যাচাইয়ের কাজেও ই-মেইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এই অ্যাকাউন্টের তথ্য অন্যের হাতে চলে গেলে ঝুঁকিতে পড়তে পারে আপনার ব্যক্তিগত তথ্য ও অনলাইন নিরাপত্তা।কিন্তু আপনার ব্যবহৃত ইমেল ঠিকানাটি কখনো কোনো ডাটা লিকের ঘটনায় প্রকাশ্যে এসেছে কি না, কি জানেন? অনেক সময় কোনো ওয়েবসাইট বা অনলাইন পরিষেবা থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি হলেও তারা বিষয়টি জানতে পারেন না। তবে একটি নির্ভরযোগ্য ওয়েবসাইটের সাহায্যে সহজেই পরীক্ষা করে দেখা যায়, আপনার ই-মেইল ঠিকানাটি পরিচিত কোনো ডাটা লিকের তালিকায় রয়েছে কি না।
ই-মেইল আইডি লিক হয়েছে কি না, জানবেন যেভাবে:
এ জন্য ব্যবহার করতে পারেন Have I Been Pwned নামের ওয়েবসাইটটি। ঠিকানাটি হলো [haveibeenpwned.com](https://haveibeenpwned.com/)। সাইবার নিরাপত্তা গবেষক ট্রয় হান্ট পরিচালিত এই পরিষেবায় বিভিন্ন তথ্য ফাঁসের ঘটনায় প্রকাশিত ইমেল ঠিকানা খোঁজার সুযোগ রয়েছে।
প্রথমে ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে ওয়েবসাইটটি খুলুন। সেখানে নির্দিষ্ট সার্চ বক্সে আপনার ই-মেইল ঠিকানাটি লিখে অনুসন্ধান করুন। এরপর ওয়েবসাইটটি তার সংগ্রহে থাকা পরিচিত ডাটা লিকের তথ্যের সঙ্গে ঠিকানাটি মিলিয়ে ফলাফল দেখাবে।
যদি ই-মেইল ঠিকানাটি কোনো পরিচিত ডাটা লিকের ঘটনায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ঘটনার তথ্যসহ সতর্কবার্তা দেখাবে। আর কোনো মিল না পাওয়া গেলে জানাবে যে তাদের সংগ্রহে থাকা তথ্যের মধ্যে ঠিকানাটি পাওয়া যায়নি।
তবে মনে রাখতে হবে, ফলাফলে ই-মেইল ঠিকানা না পাওয়া মানেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ এমন নয়। সব ডাটা লিকের তথ্য এই ওয়েবসাইটে থাকে না। আবার ই-মেইল ঠিকানা কোনো লিকের তালিকায় থাকা মানেই কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়েছে, সেটিও নিশ্চিত নয়।
ই-মেইল ঠিকানা লিক হলে যা করবেন:
আপনার ই-মেইল ঠিকানা কোনো ডাটা লিকের ঘটনায় পাওয়া গেলে প্রথমেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। বিশেষ করে ওই পাসওয়ার্ড অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপেও ব্যবহার করে থাকলে সেগুলোর পাসওয়ার্ডও বদলে ফেলুন। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও অনুমান করা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি।
এরপর ই-মেইল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করুন। এতে পাসওয়ার্ড জানলেও অতিরিক্ত যাচাই ছাড়া অন্য কারো পক্ষে অ্যাকাউন্টে প্রবেশ করা কঠিন হবে। সম্ভব হলে অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংসে গিয়ে সাম্প্রতিক লগইন কার্যক্রম, পরিচিত ডিভাইস এবং যুক্ত থাকা থার্ড-পার্টি অ্যাপগুলো পরীক্ষা করুন। অপরিচিত কোনো ডিভাইস বা অ্যাপ দেখতে পেলে সেটির প্রবেশাধিকার বন্ধ করুন।
ই-মেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে:
ই-মেইল অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় রাখতে কয়েকটি অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
সন্দেহজনক ই-মেইল, লিংক বা সংযুক্ত ফাইলে ক্লিক করার আগে প্রেরকের পরিচয় যাচাই করুন।
অপরিচিত ওয়েবসাইটে অকারণে ই-মেইল ঠিকানা বা ব্যক্তিগত তথ্য দেবেন না।
পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
নিয়মিত অ্যাকাউন্টের লগইন কার্যক্রম ও নিরাপত্তা সেটিংস পরীক্ষা করুন।
ই-মেইল পরিষেবা প্রদানকারীর নিরাপত্তা সতর্কবার্তা গুরুত্ব দিয়ে দেখুন।
ই-মেইল ঠিকানা ডাটা লিকের তালিকায় আছে কি না, তা পরীক্ষা করা ভালো অভ্যাস। তবে শুধু একবার পরীক্ষা করলেই দায়িত্ব শেষ নয়। নিয়মিত নিরাপত্তা যাচাই, আলাদা পাসওয়ার্ড এবং দুই ধাপের যাচাইকরণ এই অভ্যাসগুলোই অনলাইন অ্যাকাউন্টের ঝুঁকি কমাতে সাহায্য করবে।