ঢাকায় চলছে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। এ আসরের সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা হামজা দেওয়ান চৌধুরী।
হামজার সঙ্গে এসেছেন তার স্ত্রী, সন্তান এবং মা। হামজা সকালে ঢাকায় পা রাখার পর বাংলাদেশ দলের টিম ম্যানেজার ও বাফুফের অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগতম জানান। পরে তিনি টিম হোটেলে দলের অন্যান্য সতীর্থদের সাথে যোগ দেন।
সোমবার বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন। সকালে ঢাকায় পা রাখার পর বিকেলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে হামজার।
হামজার অন্তর্ভুক্তি দলের শক্তি যেমন বাড়াবে, তেমনি সতীর্থদের আত্মবিশ্বাসও তুঙ্গে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা সমৃদ্ধ হামজার সামর্থ্যকে কাজে লাগিয়ে এবারের সাফে দারুণ কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
এদিকে, একই দিন সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফারহান আলী ওয়াহিদের। তবে অনাকাঙ্ক্ষিত ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ে দেশে আসতে পারেননি তিনি। বর্তমানে ট্রানজিট শহর দোহায় তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জানা গেছে, দোহায় তার অপেক্ষা শেষ হবে আজ সন্ধ্যায়, তারপর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন।