বাগেরহাটের কচুয়ায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশের এক কর্মীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ০৮ নভেম্বর আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বাচ্চু শেখ (৩৫) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা।

তিনি বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ‘জাবেদ এন্টারপ্রাইজে’ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত। তার দায়িত্ব ছিল বিভিন্ন দোকানে নগদ টাকা ও ই-মানি সরবরাহ করা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে সাইনবোর্ড বাজারে লেনদেন শেষে রাস্তা পার হচ্ছিলেন বাচ্চু শেখ। এ সময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে তার পথরোধ করে। তারা বাচ্চুর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি সেটি ধরে রেখে চিৎকার শুরু করেন।

তখন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও চাপাতি বের করে তাকে ভয় দেখায়। একপর্যায়ে তাকে কোপানোর চেষ্টা করে এবং আশপাশের লোকজনকে ভয়ভীতি দেখায়। ধস্তাধস্তির একপর্যায়ে বাচ্চু রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা প্রায় পাঁচ লাখ টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তারা বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে চলে যায়।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির এই প্রতিবেদককে বলেন, আমাদের বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে দুর্বৃত্তরা আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

এর আগেও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দিয়েছি।’