সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালিরা।

আজ সোমবার ০৯ নভেম্বর সকাল ১০টায় সুন্দরবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার শত শত জেলে ও বাওয়ালি নৌকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নৌকায় নৌকায় অবস্থান নিয়ে তাঁরা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি জানান।

বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, বনদস্যু নির্মূলের দাবিতে এর আগে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু প্রশাসনের আশ্বাসের পরও সুন্দরবনে দস্যুদের তৎপরতা বন্ধ হয়নি। বরং দস্যুদের দৌরাত্ম্য অব্যাহত থাকায় উপকূলীয় অঞ্চলের জেলে ও বাওয়ালিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

নৌবন্ধন কর্মসূচি থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে, সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে সাঁড়াশি ও কার্যকর অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, দস্যুদের গোপন আস্তানা চিহ্নিত করে নির্মূল এবং মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক জেলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।

জেলে ও বাওয়ালিরা বলেন, বনদস্যুদের ভয় ও আতঙ্কে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ হয়ে গেলে উপকূলের হাজার হাজার জেলে পরিবারের জীবিকা মারাত্মক সংকটে পড়বে। তাই শুধু মৌখিক আশ্বাস কিংবা দায়সারা পদক্ষেপ নয়, সুন্দরবনকে স্থায়ীভাবে দস্যুমুক্ত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া জেলে বাবলু বলেন, সুন্দরবন আমাদের জীবিকার প্রধান উৎস। আমাদের এই জীবিকা রক্ষা এবং নিরাপদে বনে প্রবেশের অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

আন্দোলনকারীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সুন্দরবনে নিরাপদে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।