খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে অনিক হাসনাত মুন্না (১৯) নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ সোমবার ০৯ নভেম্বর বেলা ১১টার দিকে নগরীর আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অনিক হাসনাত মুন্না খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়। তিনি নজরুল ইসলামের ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী ববি আক্তার (১৯) তাঁর পেটে ছুরিকাঘাত করেন। ববি খুলনার সোনাডাঙ্গা এলাকার শেখপাড়ার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর আহত অনিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযুক্ত ববি আক্তারকে হেফাজতে নিয়েছে খালিশপুর থানা পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে পুলিশ তদন্ত করছে।