খেলার মাঠে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলছিল কিশোর জিসান আহমেদ (১৪)। খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় হঠাৎ উল্টো পেছনের দিকে কয়েক ধাপ যেতে যেতে মাটিতে লুটিয়ে পড়ে সে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জিসানকে মৃত ঘোষণা করেন। সোমবার বেলা আড়াইটার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
জিসান হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের হয়ে সে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন খেলায়ও অংশ নিয়েছে। নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া এই কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিদ্যালয়ে।
জানা গেছে, ‘নতুন কুঁড়ি সিজন-২ স্পোর্টসের উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্বের খেলায় হোমনা পৌরসভা দল ও মাথাভাঙ্গা ইউনিয়ন দল মুখোমুখি হয়। হোমনা পৌরসভা দলের হয়ে খেলছিল জিসান। খেলার মাত্র তিন মিনিটের মাথায় হঠাৎ উল্টো পেছনের দিকে কয়েক ধাপ যেতে যেতে সে মাটিতে পড়ে যায়।
সঙ্গে সঙ্গে মাঠের রেফারি মো. শরীফ বাঁশি বাজিয়ে খেলা বন্ধ করে দেন। মাঠে থাকা খেলোয়াড় ও অন্যরা দ্রুত জিসানকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মো. সাইফুল ইসলাম বলেন, জিসানকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে বোঝা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
মাঠের রেফারি মো. শরীফ বলেন, ‘খেলা শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যে জিসান হঠাৎ পেছনের দিকে কয়েক ধাপ যেতে যেতে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে সবাই মিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যয়।
জিসানের বাড়ি হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে। বাবা মো. জালাল হোসেন সৌদি আরবপ্রবাসী। জালাল হোসেন ও মিনা আক্তার দম্পতির একমাত্র সন্তান। সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্নে বিভোর ছিলেন তারা। জিসান মায়ের সঙ্গে উপজেলা সদরের একটি ভাড়া বাসায় থাকে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যেতো।
একমাত্র সন্তানকে হারিয়ে জিসানের পরিবার এখন শোকে মুহ্যমান। যে মাঠে প্রতিদিনের মতো ফুটবল নিয়ে ছুটছিল কিশোরটি, সেই মাঠেই কয়েক মিনিটের ব্যবধানে থেমে গেল তার জীবন। সতীর্থদের কাছে আনন্দের খেলার মাঠটি পরিণত হলো এক বেদনাবিধুর স্মৃতিতে।
জিসানের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার মা, দাদা, নানা, পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরা। তাদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণে নেমে আসে শোকের আবহ। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, পৌর প্রশাসন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারাও হাসপাতালে উপস্থিত হন।
হোমনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন বলেন, পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। মানবিক দিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন-কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ বিষয়ে খোঁজখবর নিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরবর্তী প্রক্রিয়া চলমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান জানান, জিসানের বাবা মো. জালাল হোসেন সৌদি আরব থেকে দেশে আসার পর তার দাফন করা হবে। এর আগে জিসানের বিদ্যাপীঠ হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।