গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসটির মালিককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় কাজলী ফার্মের পাশে সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমরী একটি বাস দাঁড়িয়ে ছিল। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান এলাকাবাসী।

এসময় তারা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই বাসটি পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় বাসটির মালিক আজাদকে আটক করেছে পুলিশ।কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বাসটি পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে? তা এখনও জানা যায়নি। এছাড়াও আগুনে বাসটি পুড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসটির মালিককে আটক করা হয়েছে।