বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তাঁর পক্ষে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
গতকাল সোমবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য নিজে কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে হাইকমিশন একটি ইমেইল পেয়েছে। তাতে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
সাইদুর রহমান বলেন, অনুরোধটি আদৌ সঠিক কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। তবে ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠান।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তবে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের বক্তব্যে ওই প্রতিবেদনের দাবির সঙ্গে গুরুত্বপূর্ণ পার্থক্য উঠে এসেছে। হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা নিজে আবেদন করেননি; তাঁর পক্ষে একটি আইনি প্রতিষ্ঠান অনুরোধ জানিয়েছে।
এদিকে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনসংক্রান্ত খবরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন করার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ধরনের আবেদনের সত্যতা যাচাই এবং এর আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে।
বিভিন্ন স্থানে ককটেল হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন স্থাপনা ও বাসে হামলাকারীদের কঠোরভাবে দমন করা হবে।