কুষ্টিয়ায় বাড়ির সামনে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ১০ নভেম্বর রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কিশোরের নাম ইমন (১৭) সে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার ০৯ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া সুলতানা (১৬) নামের এক স্কুলছাত্রী। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে তার ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, হামলাকারী ধারালো ছুরি দিয়ে ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করে। একপর্যায়ে ছাত্রীটি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। বিশেষ করে হাতে গভীর আঘাত ছিল। ক্ষতস্থানে সেলাই দেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সে আশঙ্কামুক্ত।
এদিকে আহত ছাত্রীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত কিশোর দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে তাদের পরিচয় হয়েছিল।
পরে বিষয়টি অভিযুক্তের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিন উত্ত্যক্ত করা বন্ধ ছিল। পরিবারের ধারণা, সেই ঘটনার জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে।
ঘটনার পর পুলিশ আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করে। ফুটেজের মাধ্যমে হামলাকারীকে শনাক্ত করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করে পুলিশ।
অবশেষে মঙ্গলবার রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।