গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কুকুরের কামড়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

এ লক্ষ্যে চারটি ইউনিয়নের সব কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃকামরুল হাছান মিঠু , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখার হোসেন , উপজেলা বিএনপির সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামাণিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, মাজহারুল ইসলাম হক,,ইব্রাহিম খলিলুল্লাহ,এবিএম৷ মিজানুর রহমান খোকন, উপস্থিত ছিলেন।

সভায় কুকুরের কামড়ের ঘটনা নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কঞ্চিবাড়ী, বেলকা, শান্তিরাম ও বামনডাঙ্গা ইউনিয়নের সব কুকুরকে পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া কুকুর ধরার বিষয়ে ঢাকা থেকে প্রশিক্ষিত একটি বিশেষজ্ঞ দল আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই দলের মাধ্যমে সুন্দরগঞ্জ পৌরসভার কয়েকজন জনবলকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা হবে।

সভা সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকে সুন্দরগঞ্জ পৌরসভা ও কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের আর্থিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট এলাকায় কিছুসংখ্যক কুকুরকে ভ্যাকসিন প্রদানের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে কুকুরের কামড়জনিত জজলাতন্ক ঝুঁকি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।