মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালি এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নিহতের স্বজনেরা ক্ষোভ প্রকাশ করে জানান, এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে পুলিশ গ্রেপ্তার করলেও যে সরাসরি গুলি চালিয়েছে, সে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

তারা আরও অভিযোগ করেন, গ্রেপ্তারকৃত আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের আত্মীয়-স্বজনেরা নিহতের পরিবারকে ক্রমাগত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তবে যাদের বিরুদ্ধে অভযোগ আনা হয় তারা অস্বীকার করে। তারা আরো জানান, স্বর্ণ ডাকাতির সাথে সাকের জড়িত থাকলে অবশ্যই তার কাছ থেকে স্বর্ণ উদ্ধার করতে পারতো পুলিশ।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত শুটারসহ অপরাপর আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

এর আগে গত বুধবার (০৪ নভেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইনসে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেরন করা হয়। এসময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন সাংবাদিকদের জানান, গত মাসের ৬ অক্টোবর মাগুরা সদরের রামনগর এলাকায় একটি যাত্রীবাহী পরিবহন হতে পুলিশ পরিচয়ে লুন্ঠিত ১৫০ ভরি স্বর্ণ (যার আনুমানিক মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা) এবং নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় ১২-১৫ জনের একটি দল। পরবর্তীতে লুন্ঠিত স্বর্ণ ও টাকা ভাগাভাগি নিয়ে মারুফ এবং সাকেরের মধ্যে দ্বন্দ চলছিল। তারই অংশ হিসেবে মারুফ এর পরিকল্পনায় গত ২১ অক্টোবর মাগুরা পৌর বাস টার্মিনালে রয়েল কাউন্টারে কর্মরত অবস্থায় যুবদল নেতা সাকেরকে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে পৃথক দুটি মামলায় স্বর্ণ ডাকাতির মামলায় ইতিমধ্যে ৭ জন এবং হত্যা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৫ পিচ পূর্ণ এবং ১ পিচ খন্ডিত স্বর্ণের বার, ০২টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার, গুলি, খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাকের হোসেন হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী সহ এখন পর্য্ন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, রনি শিকদার (৩৮), শামীমা তাবাসসুম (৩১), অনিমেষ মজুমদার (৫৫), মো: মারুফ হোসেন (৪৪), মো: গোলাম জাহিদ (৪৫) এবং বশির আলী।

পুলিশ আরোও জানায়, ইতিমধ্যে শুটারকে সনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর মাগুরা পৌর বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন্নাহার রুমা বাদী হয়ে মাগুরা সদর থানায় (মামলা নং-৪৯) পেনাল কোড ও অস্ত্র আইনে মামলা করেন।