মেধা ও কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাত শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
২০২৫ সালের একাডেমিক ফলাফলের ভিত্তিতে তাঁরা এ সম্মাননা অর্জন করেন। এছাড়া প্রথমবারের মতো মাস্টার্স ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষে ভালো ফলাফল অর্জনের জন্য ৩৩ শিক্ষার্থীকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শাহ মাইমুন নাসির (স্টুডেন্ট আইডি ২১০৮০৫) ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মেহেরুন নেসা পুষ্পিতা (স্টুডেন্ট আইডি ২১০৬১৯) ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া হাকিম ফাল্গুনী (স্টুডেন্ট আইডি ২১০৫১০)
ফার্মেসী ডিসিপ্লিনের নাইমুর রহমান মুন্না (স্টুডেন্ট আইডি ২১১১১৩) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মোঃ ইমাম হাসান নাইম (স্টুডেন্ট আইডি ২১০৭১৯) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের মিম খাতুন (স্টুডেন্ট আইডি ২১১০০৬) এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের জান্নাতি চৌধুরী (স্টুডেন্ট আইডি ২১১৩০৭)।
আজ মঙ্গলবার ১০ নভেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিন’স অ্যাওয়ার্ডের মতো অর্জন সারাজীবনের জন্য একটি অন্যতম প্রাপ্তি। এ ধরনের স্বীকৃতি জীবনের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। স্নাতক-পরবর্তী সময়ে এসব স্বীকৃতি বিভিন্ন সফলতা অর্জনে মুখ্য ভূমিকা পালন করে।
একাডেমিক এই স্বীকৃতির পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী শক্তির প্রতি উপাচার্য বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো তুলে ধরে বাংলাদেশের উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, জীববিজ্ঞানে পড়াশোনা ও গবেষণা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জীববিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে এসব ক্ষেত্রে অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, গবেষণায় নিজেকে শাণিত করতে পারলেই সারা বিশ্ব উন্মুক্ত। ডিন’স অ্যাওয়ার্ডের পাশাপাশি প্রথমবারের মতো একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, কৃতী শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ডপ্রাপ্তি অত্যন্ত আনন্দ ও গর্বের। একটি অর্জন অন্য আরেকটি অর্জনে উৎসাহিত করে। শিক্ষাজীবনের এ স্বীকৃতি কর্মজীবনেও অনুপ্রেরণা জোগাবে। অন্যদের থেকে আলাদা হওয়ার পাশাপাশি অনুকরণীয় হয়ে উঠতে হবে।
জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শাহ মাইমুন নাসির, ফার্মেসী ডিসিপ্লিনের মোঃ মোহাইমিনুল ইসলাম ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের আমিনা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রভাষক নওরিন আহসান হাবিব।
এ সময় বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোর প্রধান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।