যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যারা স্বপ্ন দেখছেন আপনাদের ওই স্বৈরাচারী নেত্রী দেশে আসবে, তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন। আপনাদের নেত্রী বাংলাদেশে আপনাদেরকে রেখে পালিয়ে গেছে, তার আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না।
মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন চেষ্টা করছেন দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার, যেখানে তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে যখন আমরা কাজ করছি, ঠিক তখনই সেই স্বৈরাচারের কিছু প্রেতাত্মা, কিছু স্বৈরাচার তারা এখনও এই সমাজের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে আহ্বান করব, আমাদের পুলিশ প্রশাসনের সকলের কাছে আহ্বান করব আমাদের সকলকেই সতর্ক থেকে ওই স্বৈরাচারদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্মা দেখতে চাই না, কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না
তিনি বলেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের এক পাশে গ্যালারি দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি জায়গাতেই গ্যালারি নেই। সবার আগে আমরা এই নওগাঁ জেলা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি তৈরি করে ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। শুধু নওগাঁ না, সারা বাংলাদেশের প্রায় ৫১টি জেলাতে জেলা স্টেডিয়াম আধুনিকায়ন সংস্কারসহ ক্রীড়া অবকাঠামো গুলো আমরা তৈরি করছি ইনশাআল্লাহ। আমরা শুরু করব খুব তাড়াতাড়ি, আশা করি পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের ভেতর আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা শেষ করতে পারব।
তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতমধ্যে বলেছেন আমাদের ৪ হাজার ৫৯৯ টি ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। সে লক্ষ্য নিয়ে ইতোমধ্যে আমাদের ৩৭ টি জেলা থেকে প্রায় ৫৩৫ টি ইউনিয়ন ভিত্তিক মাঠের তথ্য আমাদের কাছে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এক হাজার ইউনিয়নের মাঠের তথ্য সংগ্রহ করার। আমরা সেই মাঠগুলোর তথ্য সংগ্রহ করে দ্রুত খেলাধুলা শুরু করে দিতে চাই।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৪ আসনের সাংসদ ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং নওগাঁ ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক বক্তব্য রাখেন৷
প্রসঙ্গত, জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশগ্রহন করেছে। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর। প্রথম দিনের খেলায় মান্দা এবং রানীনগর উপজেলা একাদশ অংশগ্রহণ করে। এদিন ২-১ গোলে রাণীনগর উপজেলা বিজয়ী হয়েছেন।