কুমিল্লার হোমনায় ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়া অষ্টম শ্রেণির উদীয়মান ফুটবলার জিসান আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সৌদি আরব থেকে প্রবাসী বাবা দেশে ফেরার পর মঙ্গলবার রাতে তাকে হোমনার দড়িকান্দি গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার, তার বিদ্যালয় ও পুরো এলাকায় শোকের মাতম চলছে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে আটটায় সৌদি প্রবাসী বাবা মো. জালাল হোসেন বাড়িতে পৌঁছান। এরপর হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে রাত দশটায় তার তৃতীয় ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলার ঘারমোড়া গ্রামে জিসানের দ্বিতীয় এবং গত সোমবার রাত সাড়ে সাতটায় উপজেলা পরিষদ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জানাজায় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত থেকে মরহুমের বেহেশত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, বর্তমান সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ সাব মিয়া, হোমনা দাখিণ মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার, আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার বেলা আড়াইটার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ‘নতুন কুঁড়ি সিজন-২’ টুর্নামেন্টের খেলা চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয় জিসান। সে হোমনা আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং প্রবাসী মো. জালাল হোসেন ও মিনা আক্তার দম্পতির একমাত্র সন্তান ছিল।
শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে গত সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান, ক্রীড়া অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান এবং কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার। তারা নিহতের মা, নানাসহ শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান। এদিকে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়’, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এবং হোমনা আদর্শ বিদ্যালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছে। শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এ সময় সচিবের মুঠোফোনে যুক্ত হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জিসানের মা ও স্বজনদের সান্ত্বনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ঘটনাটি অবগত করেছি। আমরা দোয়া করি আল্লাহ যেন জিসানকে ভালো রাখেন। বাবা আসুক, পরিবেশ কিছুটা স্বাভাবিক হোক, এরপর আপনাদের সাথে কথা বলব। সরকার আপনাদের পাশে আছে এবং আমাদের পক্ষ থেকে যা করণীয়, ইনশাআল্লাহ আমরা তা করব।