পাহাড় আর পাহাড় বৈচিত্র্যময় সংস্কৃতি ও নানা জনগোষ্ঠীর সহাবস্থানে সমৃদ্ধ পার্বত্য রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা। এ উপজেলার মানুষের জীবনযাত্রা, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য প্রতিচ্ছবি দেখা যায় সাপ্তাহিক হাটগুলোতে আসা ক্রেতা বিক্রেতা দের।

বাঙ্গালহালিয়া বাজার মঙ্গলবার, ইসলাম পুর বাজার,শুক্রবার ও রাজস্থলী বাজার বুধবারে জুমে উৎপাদিত হরেক রকম সবজি, ফলমূল নিয়ে পুরা বাজার জুড়ে হাট বসে। এ হাটে পাহাড়ের প্রত্যন্ত জনপদ থেকে নিজেদের উৎপাদিত শাকসবজি, ফলমূল ও নানা কৃষিপণ্য নিয়ে হাজির হন পাহাড়ি নারী-পুরুষেরাএতে স্বস্থি মিলে পাহাড়ের মানুষের।

ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হয়ে ওঠে এই হাট, বাজার গুলো। দেখা যায় এক দৃশ্যমান চিত্র।

খিয়াং, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালিদেরও নিয়মিত উপস্থিতি রয়েছে এ বাজার গুলোতে।

ফলে বেচাকেনার পাশাপাশি এটি হয়ে উঠেছে পাহাড়ি-বাঙালির সম্প্রিতীর মিলনমেলা।

পাহাড় ঘেরা জান্দিমইন, মুবাছড়ি, বগাছড়ি, শিলছড়ি, আমতলি, আড়াছড়ি, ধনুছড়ি, কুইক্যাছড়ি,ঘিলামুখ, নারাইছড়ি, চুশাক পাড়া, কমলছড়ি, তুরগু পাড়া, পৌয়তু পাড়া, হলুদিয়া, মিতিঙ্গাছড়ি, দুরছড়িপাড়া, কিস্ত পাড়া, বলিপাড়া, হাজী পাড়া, তালুকদার পাড়া, নোয়া ঝিড়ি পাড়া, তাইতং পাড়া এমন কি বিলাইছড়ি – জুরাছড়ি সহ বিভিন্ন গ্রাম থেকে বিক্রেতারা মোটর বাইক, চাঁদের গাড়ী, টিএস ট্রাক করে পণ্য নিয়ে আসেন।

বাজারজুড়ে চোখে পড়ে পাহাড়ে উৎপাদিত বাহারি শাকসবজি ও ফলমূলের সমাহার। তেজ পাতা, আমিলা গোটা, বাঁশকোঁড়ল,শষা, মারফা, ধাইন্যা মরিচ,বিনি চাউল,কাকঁন চাউল, মহিশের দই, মধু, কলার থোড়, আলু শাক, কলমি শাক, জুম কুমড়া, জুমের বেগুন, কলার মোচা, , বিলাতি ধনেপাতা, মূলা শাক, লাউ শাক, পুঁই পাতা, পুঁই ডাটা ও পুঁই বিচিসহ,তিত কড়লা, কইন্দা, চিঝিংঙ্গা, কাঁটা শাক নানা পদের সবজি পাওয়া যায় এখানে। পাশাপাশি টমটো কাঁচা-পাকা পেঁপে, কাঁচকলা,হলুদ, আদা, জাম্বুরা, আনারস, পেপে, পেয়ারা থাকে বিক্রির তালিকায়।

এছাড়া ড্রাগন ফল, পাহাড়ি মাল্টা,আমলকি, ছপেদা, জলপাই ও তেঁতুলসহ মৌসুমি ফলের সমারোহ রয়েছে। পাহাড়ে কলার উৎপাদন বেশি হওয়ায় বাজারে আলাদা কলার পসরা বসে, যেখানে বাংলা কলার প্রাধান্য দেখা যায়।

বিক্রি হয় খামারে উৎপাদিত শূকরের মাংস, গরুর দুধ, বাঁশের দইসহ নানা পণ্য। গ্রাম থেকে বোতলে করে আনা গরুর দুধেরও বেশ চাহিদা রয়েছে বাঙ্গালহালিয়া বাজারে।

প্রতিটি গ্রাম থেকে হাটের দিনে মোটর সাইকেল, জিপ গাড়ী আসে। একটি চাঁদের গাড়ীতে ৩০/৪০ মিলে পণ্য নিয়ে বাজারে আসেন। বিক্রেতাদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। মৌসুম অনুযায়ী জুমে উৎপাদিত ফসল সংগ্রহ করে তারা বাজারে বিক্রির পাশা পাশি জীবিকা নির্বাহ করে।

হাটে জুমের লাউ বিক্রি হচ্ছে পিস প্রতি ১০০, ৫০, ৬০ টাকায়। বড় নারকল্য কচু কেজি প্রতি ৮০ হতে ৯০ টাকা, মূলা শাক এবং লাল শাক প্রতি আঁটি ২০ টাকা, এবং ধাইন্যা মরিচ কেজিতে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ হাটে বাজার করতে চাইলে সকাল ৮/৯ টার আগে আসতে হবে এবং পছন্দ অনুযায়ী দরদাম করে নিতে হবে মালামাল।

হাটের ব্যবসায়ীরা জানান, প্রতি হাটের দিন এ রাজস্থলী, বাঙ্গালহালিয়া বাজারে প্রায়, ২০-২৫ লাখ টাকার পণ্য বাণিজ্য করা হয়।

উপজেলার সরকারি কর্মকর্তা বলেন, এ হাটে বিষমুক্ত ফলমূল ও সবজি পাওয়া যায়। তাই পরিবারের জন্য বাজার করতে এসেছি।তাজা সবজি কিনে খুবই ভালো লাগছে। কারণ এখানে ফরমালিনমুক্ত তরি তরকারি পাওয়া যায়।

রাঙ্গুনিয়া পদুয়া থেকে আসা ক্রেতা জমির উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের জন্য বেগুন, এ ধান্য মরিচ সহ মিষ্টি আলু কিনেছি। তরতাজা এবং বিষমুক্ত হওয়ায় এ সবজি খেতে অনেক সুস্বাদু।

জুমের টাটকা শাকসবজি ও ফলমূল কিনতে স্থানীয়দের পাশাপাশি রাজস্থলীর বাইরের যেমন, চট্রগ্রাম জেলার, রাঙ্গুনিয়ার শিলক, সরভভাটা, গোছরা, রোয়াজার হাট থেকে পাইকাররাও এ বাজারে আসেন। ক্রেতাদের মতে, হাটের দিনে তুলনামূলক কম দামে তাজা পণ্য পাওয়া যায়। অনেকের কাছে এসব পণ্যের বিশেষ আকর্ষণ হলো নিজস্ব উৎপাদন ও রাসায়নিক ব্যবহার না করার বিষয়টি।

বহু বছর ধরে বাঙ্গালহালিয়া সড়কের পাশে বসা পাহাড়ি এ হাটটি শুধু কেনাবেচার জায়গা নয়; পাহাড়ের কৃষি, নারীর শ্রম , স্থানীয় অর্থনীতি ও বহুজাতিক জনগোষ্ঠীর পারস্পরিক সম্প্রীতির এক জীবন্ত প্রতিচ্ছবি।এ ব্যাপারে রাজস্থলী বাজার চৌধুরী শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমি বাজারের উন্নয়নে ভূমিকা রাখি। আর বাজারে আসা ক্রেতা বিক্রতারা যাতে সুন্দর পরিবেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করেন।