গাজীপুরের কালিয়াকৈরে বুধবার দুপুরে একটি ফ্লাইওভারের ওপরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শিশু সন্তান নিহত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর ফ্লাইওভারের ওপরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুপুরে তারা একটি মোটরসাইকেল যোগে ওই মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।

যাওয়ার পথে পথে তাদের মোটরসাইকেলটি সফিপুর ফ্লাইওভারের ওপরে পৌঁছলে টাঙ্গাইলগামী অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ফ্লাইওভারের ওপরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও তাঁদের শিশুসন্তান মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এব্যাপারে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।