জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বাবা-মায়ের নাম সংশোধনের জটিলতায় থমকে গেছে নাটোরের সাংবাদিক ইসাহাক আলীর উন্নত চিকিৎসার উদ্যোগ। দুই কিডনি বিকল, স্ট্রোকসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি থাকলেও এনআইডির তথ্যের অসংগতির কারণে পাসপোর্ট ও ভিসা করতে পারছেন না। এমনকি নিজের নামে থাকা জমিও বিক্রি করতে পারছেন না তিনি।
নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহসভাপতি এবং বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। গত তিন বছর ধরে রয়েছে স্ট্রোকজনিত জটিলতাও। বর্তমানে তাঁর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি, যা অত্যন্ত উদ্বেগজনক। এরই মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে একাধিকবার ভর্তি হওয়াসহ তাঁকে কয়েক দফা আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্ট ও লাইভে অসহায়ত্বের কথা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক বিবেচনায় এনআইডি সংশোধনের জটিলতা দ্রুত নিরসনের আবেদন জানিয়েছেন তিনি।
ইসাহাক আলীর পারিবারিক সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই নিঃসন্তান বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন তিনি। তাঁদেরই নিজের বাবা-মা হিসেবে জেনে এসেছেন। পরবর্তী সময়ে জানতে পারেন, তাঁর জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমেলা বেগম। ফলে জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রে পালিত বাবা-মায়ের নাম থাকলেও জমিজমার দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। এই ভিন্নতার কারণে সম্পত্তিসংক্রান্ত কাজসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে তাঁকে।
সমস্যা সমাধানে ইতোমধ্যে জন্মনিবন্ধন সংশোধন ও প্রয়োজনীয় হলফনামা (এফিডেভিট) করেছেন ইসাহাক আলী। নলডাঙ্গা উপজেলা ও নাটোর জেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিন তদন্ত করে তাঁর পারিবারিক পরিচয়সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন এবং প্রতিবেদন জমা দেন। এরপরও কাটেনি এনআইডি সংশোধনের জটিলতা।
ইসাহাক আলী জানান, গত রোববার নির্বাচন কমিশন থেকে তাঁকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদে বাবা-মায়ের নাম সংশোধন করে জমা দিতে খুদে বার্তা পাঠানো হয়েছে। তাঁর পরিবার ও সহকর্মী সাংবাদিকেরা এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তবে শিক্ষাগত সনদ সংশোধন ছাড়া এনআইডি সংশোধনের বিষয়ে সম্মতি পাওয়া যায়নি।
অন্যদিকে এনআইডি ছাড়া শিক্ষাগত সনদ সংশোধনের প্রক্রিয়াতেও তৈরি হয়েছে জটিলতা। ফলে দুই দিকের প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে গেছে তাঁর চিকিৎসার প্রস্তুতি।
কান্নাজড়িত কণ্ঠে ইসাহাক আলী বলেন, “শিক্ষাগত সনদ সংশোধনে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শিক্ষা বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া শেষ করে এত অল্প সময়ে সংশোধিত সনদ হাতে পাওয়া সম্ভব নয়। এদিকে আমার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। আমার পালিত বাবা এখন শয্যাশায়ী, জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। আমিও অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারি না।
তিনি আরও বলেন, “সারাজীবন মানুষের দুঃখ-কষ্টের কথা লিখেছি। আজ নিজের জীবন বাঁচানোর জন্য বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে। আমার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তদন্ত প্রতিবেদন ও জমা দেওয়া কাগজপত্রের ভিত্তিতে দ্রুত এনআইডি সংশোধনের জটিলতা নিরসনের অনুরোধ জানাচ্ছি। সংশোধিত সনদ হাতে পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার আইনসম্মত বিকল্প ব্যবস্থা বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষা সনদে বাবা-মায়ের নাম সংশোধন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। ১৫ দিনের মধ্যে তা সম্পন্ন করা সম্ভব নয়।
অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষাগত সনদ সংশোধন করে আবেদন করতে হবে। তবে ১৫ দিনের মধ্যে সনদ সংশোধন করা সম্ভব নয় বলে জানানো হলে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা সাংবাদিক ইসাহাক আলীর এখন একটাই আকুতি—প্রশাসনিক জটিলতার দ্রুত সমাধান করে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক ও আইনসম্মত উদ্যোগই পারে তাঁর চিকিৎসার পথ সুগম করতে।