কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে গিয়ে ছাত্রদলের হামলায় দুই এস আইসহ গোয়েন্দা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। গত ১০ নভেম্বর মঙ্গলবার রাত নয়টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত এসআই রকিব উদ্দিন জনি, এস আই জিহাদ ও কনস্টেবল ইমরানকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় এস আই রকিব উদ্দিন জনি বাদি হয়ে বুধবার ভোরে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেছেন ( যার নং-২০, তাং-১১/১১/২০২৬ ইং, ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/১৮৬/৩৩২/৩০৭/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/ ৫০৬/ ৩৪ পেনাল কোড)।
মামলায় প্রধান আসামী হলেন, কুষ্টিয়া পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সংগ্রাম হোসেন, অন্য আসামীরা হলেন- কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শিমুল হোসেন, ছাত্রদল কর্মী সামিউল হক রাফি, হৃদয়, জীবন, সম্রাট, তানভীর, কাদের, আকাশ শাহরিয়া জয় ও পাপন। এর মধ্যে পাপন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি।
এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের বাঁচানোর চেষ্টা করছেন বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা। তারা মামলা করায় উল্টো পুলিশকে চাপে রাখছে। এদিকে আসামীদের না ধরতেও চাপ সৃষ্টি করছে। এদিকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া সদর ৩ আসনের এমপি আমির হামজা। তিনি দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
মামলায় ছাত্রদল নেতাকর্মী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লোহার রড ও বাটাম দিয়ে পুলিশের ওপর হামলা, অস্ত্র, গুলি ও বেতার যন্ত্র ছিনতাইয়ের চেষ্টা, ধৃত ব্যাক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মব সৃষ্টি, মাইক্রোবাসে হামলা ও ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার রাতে কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে যান গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় কুষ্টিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে সরকারি কলেজ এবং পাশের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে পুলিশের উপর চড়াও হন। এক পর্যায়ে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়ে। অভিযোগ, এ সময় পুলিশের উপরে লাঠি সোঁটা নিয়ে হামলা হামলা চালায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে ছাত্রদল আটক নেতাকর্মীদেরও ছাড়িয়ে নেয় বলে জানা গেছে।
এদিকে এ হামলার ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা এসআই রকিব উদ্দিন জনি বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় পৌর ছাত্রদল নেতা সংগ্রাম হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে মামলার আসামী করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম নিশাত বলেন,‘ আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব কি-না সে বিষয়ে কোন আলোচনা হয়নি। কোন ব্যবস্থা নিলে আমরা জানাব।
এদিকে জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার মাদক বিরোধী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানকে নিয়ে প্রশ্ন তুলে তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। তিনি পোস্টে লিখেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ছাত্র ধর্মঘট প্রতিহত করতে যখন দেশের সকল দেশপ্রেমিক ছাত্রসমাজ রাজপথে অবস্থান নিয়েছে, ঠিক সেই মুহুর্তে ডিবির কয়েকজন সদস্য সাদা পোশাকে কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিনা উস্কানিতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সাধারন শিক্ষার্থীদের সঙ্গে কি উদ্দেশ্য বিবাদে জড়িয়ে পড়েছিল সেটি উদঘাটন জরুরী।
এদিকে সদর ৩ আসনের এমপি জামায়াত নেতা মুফতি আমির হামজা পুলিশের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়ে পোষ্ট করেছেন। তিনি হামলায় জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি মাদক ও কিশোর গ্যাংকে যারা আশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধেও প্রতিবাদ জারি রাখার আহবান জানান তিনি।
এদিকে, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, পুলিশকে আগেই মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল। তবে অভিযানের আগে আমাদের অবহিত করলে আরো ভালো হতো।