সামপ্রতিক সময়ে ১০, ২০ ও ৫০ টাকার নোটে কোনা পোড়া থাকায় লেনদেনের সময় মারাত্মক বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন ক্রেতা-বিক্রেতারা। উপজেলার বিভিন্ন বাজার ও জনপদে ছোট অঙ্কের এসব নোটে প্রায়ই দেখা যাচ্ছে পোড়া চিহ্ন। নতুন কিংবা পুরোনো, এমনকি চকচকে নোটেও মিলছে এ ধরনের ক্ষত।
নোটের এক কোণে পোড়া বা কেটে যাওয়ার মতো দাগ থাকায় হাতবদলের সময় নানা জটিলতা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে টাকা হাতে পাওয়ার পর কোনা পোড়া বিষয়টি চোখে পড়লে তা বদলে দেওয়ার দাবি জানান ক্রেতারা, ফলে বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের।
স্থানীয় ব্যবসায়ীদের জোরালো দাবি, মাদক সেবনের কাজে ব্যবহারের জন্য কোনা পুড়ে যাওয়ার পর এসব নোট পুনরায় বাজারে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ইয়াবা বা অন্যান্য মাদক সেবনের সময় পাইপ বা ফয়েল পেপারের বিকল্প হিসেবে টাকা পুড়িয়ে ব্যবহারের কারণে নোটের এক পাশে এ ধরনের পোড়া দাগ তৈরি হয়। তবে এ বিষয়ে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট তদন্ত বা আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে ১০, ২০ ও ৫০ টাকার নোটের ব্যবহার সবচেয়ে বেশি চায়ের দোকান, মুদি দোকান, হোটেল, রিকশা ভাড়া কিংবা ছোটখাটো কেনাকাটায় এসব নোট হাতবদল হয় অজগ্রবার. ফলে কোনো নোটে পোড়া দাগ থাকলে তা লেনদেনের প্রথম মুহূর্তে সহজে চোখে পড়ে না,পরবর্তীতে বিষয়টি নজরে এলে শুরু হয় বাকবিতণ্ডা ও অনাকাক্সিক্ষত তর্ক-বিতর্ক. এক পক্ষ টাকা নিতে অস্বীকার করলে অন্য পক্ষকে সেটি বদলানোর জন্য ছোটাছুটি করতে হয়।
ব্যবসায়ীরা জানান,কেনাবেচার ব্যস্ততার মধ্যে প্রতিটি নোট গভীরভাবে পরীক্ষা করে নেওয়া অসম্ভব হয়ে পড়ে. আবার ক্রেতার হাতে এমন পোড়া নোট চলে গেলে তারাও অসন্তুষ্ট হন. দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা স্থানীয়দের মতে, আগের তুলনায় বর্তমানে খুচরা নোটের কোণায় পোড়া দাগের উপস্থিতি উদ্বেগজনক হারে বেড়েছে।
বিশ্লে¬ষকদের মতে, শুধু পোড়া দাগ দেখে কোনো নোট নিশ্চিতভাবে মাদক সেবনের কাজে ব্যবহৃত হয়েছে বলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না,দৈনন্দিন নানা অসাবধানতা, চুলার আগুন বা অন্য কোনো কারণেও নোট পুড়ে যেতে পারে. তবে এর আড়ালে মাদকসংশ্লিষ্ট অপকর্মের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
টাকার অঙ্ক ছোট হলেও এর জেরে সৃষ্ট লেনদেনের বিড়ম্বনা বেশ বড়. বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও দৈনিক আয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিরা এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন।
তাদের হাতে প্রতিদিন অসংখ্য নোট আসে এবং প্রতিটির উৎস শনাক্ত করা অসম্ভব. তাই এ ধরনের সমস্যা সমাধানে শুধু ক্রেতা-বিক্রেতার পারস্পরিক দোষারোপ নয়, বরং জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লি¬ষ্ট মহলের কার্যকর পদক্ষেপ ও তদারকি অত্যন্ত প্রয়োজন।