নূন্যতম বেতন ৩০ হাজার টাকা করার দাবীতে গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করেছে পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের কর্মস্থল পোশাক কারখানার উদ্দেশ্যে বের হন শ্রমিকরা। কিন্তু তারা নূন্যতম বেতন ৩০ হাজার টাকা করার দাবীতে সকাল ৮টার দিকে কর্মস্থলে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করে। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোর্ডমিল এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলরত মানুষ।
একই সময় একই দাবীতে উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার পোশাক শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষুব্দ শ্রমিকরা অন্যান্য সহকর্মীদের বের করতে আশপাশের অন্য কারখানার মুল ফটকে হামলা চালায়। এ ঘটনায় আশপাশের সকল কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাদের অবরোধের কারণে যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
খবর পেয়ে কালিয়াকৈর থানা, শিল্প পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্দ শ্রমিকরা তারপরও মহাসড়ক অবরোধ রেখেই বিক্ষোভ করতে থাকে। এতে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর বেলা সোয়া ২টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি, কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘন্টার পর আবারও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে গাজীপুর-২ শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে কয়েক বার মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও শ্রমিক আন্দোলনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পরিমানে বিজিবি, পুলিশ ােমতায়েন রয়েছে।