পার্বত্য তিন জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শুকর পালন ও ব্যবস্থাপনা বিষয়ে রাঙ্গামাটি রাজস্থলীতে এলএফজি (লাইভস্টক ফার্মার্স গ্রুপ) সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান ।
প্রশিক্ষণে বসতবাড়িভিত্তিক খামার পরিচালনা,শুকর পালন, মুরগি পালন, মুরগির বিভিন্ন রোগবালাই, রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসাসহ প্রাণিসম্পদ পালনের আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধির বিভিন্ন সুযোগ নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।এ প্রশিক্ষণ কর্মসূচিতে রাজস্থলী উপজেলা গাইন্দ্যা সদর ইউনিয়নের ২৫জন ও ঘিলাছড়ি ইউনিয়নে ২৫ জন, মোট ৫০ জন এলএফজির খামারি সদস্য অংশগ্রহণ করেন।
এসময় রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবু সাদাত মো. সায়েম, রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডা. নোমান ও প্রকল্প দপ্তরের প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. কল্পনা চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।