ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা না চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব, কাতার ও অন্যান্য পারস্য উপসাগরীয় দেশ। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন সম্প্রচারমাধ্যম ও ধারাভাষ্যকার স্টিভেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি তাৎক্ষণিকভাবে যুদ্ধ শেষ করতে সক্ষম হলেও আঞ্চলিক মিত্রদের অনুরোধেই সামরিক ও অর্থনৈতিক চাপ বজায় রেখে চলছেন।
ট্রাম্প বলেন, সৌদি আরব আমাকে অনুরোধ করেছে বর্তমান পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই কিছুদিন ধরে রাখতে। তিনি আরও জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও এই বর্তমান কৌশলটি বজায় রাখার পক্ষেই রয়েছে। যদিও এই বিষয়ে নিজের দ্বিধা প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে পুরোপুরি একমত কি না।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, মিত্রদের পক্ষ থেকে এমন অনুরোধ না থাকলে তিনি আরও বড় কোনো হামলা চালাতেন কি না। এর জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি অবশ্যই চালাতাম।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোকে অক্ষত রেখেছে। ট্রাম্প বলেন, মাত্র একদিনের মধ্যে তাদের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। এক দিনে তাদের সেতুগুলো অদৃশ্য হয়ে যেতে পারে এবং এক দিনে তাদের উৎপাদন সক্ষমতাও গুঁড়িয়ে দেওয়া সম্ভব। এটি করতে আমার মাত্র তিন দিন সময় লাগবে।
এ ছাড়া ট্রাম্প স্বীকার করেন, এই যুদ্ধের কারণে মার্কিন বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছিল, যা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে বড় ধরনের ভূমিকা রেখেছিল। তবে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর নিজের সিদ্ধান্তটিকে তিনি সঠিক বলেই জোরালোভাবে রক্ষা করেন।