ভয়ের পরিবেশ তৈরি করে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সভায় যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, ‘বাংলার মানুষ পলাতক ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দেবে না।

এসময় আইনমন্ত্রী বলেন, ‘গত নয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যা হয়নি, বন্ধ হয়েছে গুম। এমনকি পুলিশ বাহিনীও মিথ্যা মামলার সংস্কৃতি দূর করতে ব্যাপকভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, ‘যারা বোমা মারছেন, তাদের অনেকে এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এই সিন্ডিকেটে কারা কীভাবে জড়িত, এই সব তথ্য সাংবাদিকরা পেয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, ‘সাংবাদিকদের পরবর্তী প্রজন্মের মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতার বিরুদ্ধে কথা বলতে হবে। দুর্নীতি, মাদক, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে, সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে।’

এসময়,প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেন, ‘বিএনপি সহনশীল হয়ে রাষ্ট্র পরিচালনা করছে। মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামাতের আমির সংসদে কারও সম্পর্কে বাজে কথা বলতে পারতেন না। আওয়ামী লীগ সন্ত্রাসীরা আগুন দিচ্ছে, এনসিপি তাতে ঘি ঢালছে।

রাশেদ খাঁন আরও বলেন, ‘জামাত নেতা মিয়া গোলাম পারওয়ার ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছে, তার প্রমাণ আছে। সংসদে জামাত মিথ্যাচার করেছে।