গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষ হয়।

এ সময় এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন। এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার ১৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকার উদ্দেশে আসছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় তাঁর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সংসদ সদস্যের গাড়িবহরের দুটি গাড়িসহ মোট ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এ ঘটনায় অক্ষত রয়েছেন এবং সুস্থ আছেন বলে তিনি নিজেই জানিয়েছেন।