নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবীতে গাজীপুরে কালিয়াকৈরে শনিবার সকাল থেকে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ¦ালিয়ে অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা। এসময় পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপের মাধ্যমে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী, পুলিশ ও কারখানা শ্রমিক-কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শনিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তারা কর্মস্থলে যোগ না দিয়ে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আগুন জ¦ালিয়ে অবরোধ রেখে নানা শ্লোগানে বিক্ষোভ মিছিল করে। এ অবরোধের কারণে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে বিজিবি, কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে উল্টো ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। কিন্তু বিক্ষুব্দ শ্রমিকরা তাদের অবরোধ ছাড়তে রাজি নন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্দ শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিক্ষুব্দ শ্রমিকদের মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
এসময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণ পর তারা আবারও মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় থেমে থেমে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে। ফলে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিশু, বৃদ্ধ, রোগী ও তাদের স্বজনরা।
এব্যাপারে গাজীপুর-২ শিল্প পুলিশ পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকরা কর্মস্থলে কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভের চেষ্টা করেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।