সন্তানকে বড় ডিগ্রি বা ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর আগে তাকে এমন কিছু মৌলিক ও জীবনমুখী শিক্ষা দেওয়া দরকার, যা সে সারাজীবন তার হৃদয়ে ধারণ করবে।
অন্য মানুষের কষ্ট বুঝতে শেখানো এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা সবচেয়ে বড় শিক্ষা। ডিগ্রির চেয়ে ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ণমালা বিদ্যাপীঠের ১৪ তম বার্ষিক ক্রীড়া- সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পুঁথিগত বিদ্যার চেয়ে নৈতিক ও মানবিক শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। বড় পদ বা ডিগ্রি অর্জনের আগে সন্তানকে যে ছোট্ট কিন্তু অমূল্য শিক্ষা দেওয়া জরুরি। ছোট ছোট কাজের মাধ্যমে তাকে স্বাবলম্বী হতে শেখান। এতে সে দায়িত্ব নিতে শিখবে। বড় হয়ে শুধু নিজের সাফল্য নয়, বরং আশপাশের মানুষের দুঃখ-কষ্ট অনুভব করার মানসিকতা থাকে।
দূর্নীতি মুক্ত সমাজ গঠনে এবং প্রকৃত শিক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে বর্তমান সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
তিনি বলেন, এই সরকার যেমন সারাদেশের টেকসই উন্নয়ন কল্পে কৃষি, রাস্তাঘাট, শিল্প কলকারখানা সহ বেকারত্ব দূরীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে একই ভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের উপযোগী মানবসম্পদে পরিনত করতেও কাজ শুরু করেছে।
বর্ণমালা বিদ্যাপীঠের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মবিনুল ইসলাম কাজল। এসময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম সহ গর্ভনিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।