নীলফামারীর ডিমলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের ১০টি বসতঘরসহ নগদ অর্থ,স্বর্ণালংকার,যানবাহনের ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ, বৈদ্যুতিক সামগ্রী, আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

গত শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর বেলা দেড়টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ গয়াবাড়ী গ্রামের আইনুল হক (৬৫) ও তার দুই ছেলে মামুনুর রশীদ (৪০) ও মাসুদ রানা (৩০)-এর বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে বাড়ির একাধিক ঘর ও মালামাল দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনে মামুনুর রশীদের গোডাউনে সংরক্ষিত বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবপত্রসহ ব্যবসায়িক ও পারিবারিক মূল্যবান সামগ্রী পুড়ে যায়। একই সঙ্গে আইনুল হক, মামুনুর রশীদ ও মাসুদ রানা সহ তিনটি পরিবারের বসবাসের ১০টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার আগুনের কবলে পড়ে পুড়ে যায়।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনটি পরিবারের বসত বাড়ি ও সম্পূর্ণ মালামাল পুড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সাজানো সংসার ও দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ হারিয়ে পরিবার তিনটি এখন নিঃস্ব হওয়ার পথে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ধারণা, অগ্নিকাণ্ডে নগদ অর্থ স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।