বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজার রহমান শাহীন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুম হাফিজার রহমান শাহীন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মৃত সৈয়দ আলী ওরফে আব্দুস সাত্তারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাগরিবের নামাজের আগে হঠাৎ অসুস্থ হয়ে রেন তিনি এরপর তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

হাফিজার রহমান শাহীন নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বুড়ইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াছিন আলী, মশিউর রহমান মশিসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, আগামীকাল রোববার বাদ যোহর বীরপলি গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম হাফিজার রহমান শাহীনের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।