রাঙ্গামাটির ( বিলাইছড়ি উপজেলার ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান ও সুবর্ণ জয়ন্তী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও পূজার্চনার মধ্য দিয়ে আয়োজিত এ উৎসবে দূর-দূরান্ত থেকে শত শত পুণ্যার্থী অংশগ্রহণ করেন। সকাল থেকেই বিহার প্রাঙ্গণে পুণ্যার্থীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক পবিত্র ও আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে দূর-দূরান্ত থেকে আগত ভিক্ষু সংঘকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। গোয়ানছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধম্মাদিপা সঞ্চালনায় সকাল সাড়ে ৯টায় বুদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন রাজস্থলী বাজার কেন্দ্রীয় মৈত্রি বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন নারাইছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনরক্ষিত থের । বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ঘিলাছড়ি ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বৌদ্ধজ্যাোতি থের।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০ টা ৪০ মিনিটে পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ডদান ও আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
পরে দুপুর ২টায় বিহারে সাধারণ সম্পাদক জয়ন্ত তঞ্চঙ্গ্যার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে প্রথমে কঠিন চীবর নিয়ে এলাকার প্রধান সড়কে প্রদক্ষিণ করা হয়। এরপর কল্পতরু দান, আকাশ প্রদীপ উৎসর্গ, পঞ্চশীল গ্রহণ এবং মূল কঠিন চীবর দান সম্পন্ন হয়। এ পর্বেও সভাপতিত্ব করেন ভদন্ত রাজস্থলী বাজার মৈত্রি বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্ম্মানন্দ মহাথের।এতে পঞ্চশীল প্রার্থনা করেন,নির তঞ্চঙ্গ্যা কার্বারী।
দ্বিতীয় পর্বে প্রধান ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন গোল্ডেন বুদ্ধ ডেম্পল বান্দরবান অধ্যক্ষ ভদন্ত উ, বিরচনা মহাথের। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বৌদ্ধ বিহারে অন্যান্য ধর্মীয় ভান্তে গন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিহারের সভাপতি, ডালিম তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক জয়ন্ত তঞ্চঙ্গ্যা, ৫নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, হেডম্যান নির্মল তঞ্চঙ্গ্যা, রাজস্থলী উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা , স্থানীয় হেডম্যান, কার্বারিসহ জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে পুণ্যার্থীরা বৌদ্ধ ধর্মের শান্তি, মৈত্রী, করুণা ও মানবকল্যাণের আদর্শে অনুপ্রাণিত হন। জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে সমবেত প্রদীপ প্রজ্বালন ও ৫০ তম সুবর্ণ জয়ন্তী উৎসবে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখার তথ্যমতে, উপজেলায় গত ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া কঠিন চীবর দানোৎসবের আয়োজন আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।
ছবি ক্যাপসন, ফারুয়া কেন্দ্রী বৌদ্ধ বিহারে ৫০ তম কঠিনচীবর দান অনুষ্টানে মঞ্চে ভিক্ষুগন।।