সার্বিয়ার সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনের অধিকারী ‘স্টুডেন্ট লিস্ট’ ঘোষণা করেছে, ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের পাশাপাশি দেশটিতে ইসরায়েলের জন্য ড্রোন উৎপাদন বন্ধ করাই তাদের অন্যতম প্রধান কর্মসূচি।

পার্সটুডে জানিয়েছে, সার্বিয়ার সংসদ নির্বাচনে বিজয়ী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ প্রতিনিধি ফিলিপ ওবোভিচ এক ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে ভবিষ্যৎ সরকারের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, “গাজায় যা ঘটছে, তা মানবতার জন্য এক কলঙ্ক এবং অত্যন্ত বেদনাদায়ক। আমাদের পরিকল্পনা হলো, ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করা।”

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করে ওবোভিচ আরও বলেন, সার্বিয়ায় ইসরায়েল-সংশ্লিষ্ট একটি ড্রোন কারখানা প্রতিষ্ঠা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রকল্প বন্ধ করতে হবে।

২৫ অক্টোবর অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনে ‘স্টুডেন্ট লিস্ট’ বিজয়ী হওয়ার পর সার্বিয়া এখন রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটেই ওবোভিচের বক্তব্য সামনে এল।

সম্প্রতি প্রকাশিত ছাত্র আন্দোলনটির পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মসূচিতে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানগুলোর নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর অঙ্গীকারও করা হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের কংক্রিটের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার পর এই ছাত্র আন্দোলনের সূচনা হয়।

‘শিক্ষার্থীরাই জয়ী হবে’ স্লোগান নিয়ে এবং ‘স্টুডেন্ট লিস্ট’-এর ব্যানারে ২৫০ জন প্রার্থী মনোনয়ন দিয়ে আন্দোলনটি আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনে ভুচিচের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করে।

দুই বছর ধরে চলা এই আন্দোলন নোভি সাদের দুর্ঘটনার জন্য সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও দায়িত্বহীনতাকে দায়ী করে আসছিল। বিরোধী দলগুলোর বড় একটি অংশকে ঐক্যবদ্ধ করে আন্দোলনটি নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয় এবং সার্বিয়ার সংসদে এককভাবে সর্বাধিক আসন লাভ করে।