মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা দেশটির আকাশপথ নিয়ন্ত্রণ ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা ও জরাজীর্ণ অবকাঠামোকে আবারও সামনে নিয়ে এসেছে।

পার্সটুডে জানিয়েছে, পুরোনো একটি রাউটার পরিবর্তনের উদ্যোগের পর এই বিপর্যয় ঘটে। এর ফলে যোগাযোগ নেটওয়ার্কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং পাইলটদের সঙ্গে বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারগুলোর যোগাযোগ ব্যবস্থার একটি অংশ অচল হয়ে পড়ে।

এই ঘটনার জেরে শনিবার পর্যন্ত হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়। ফলে অসংখ্য যাত্রী বিমানবন্দরগুলোতে আটকা পড়েন।

চলতি শতাব্দীতে এটি তৃতীয়বারের মতো ঘটনা, যখন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এসব অবকাঠামো আধুনিকায়নের জন্য জরুরি ভিত্তিতে ৫০ বিলিয়ন ডলারের বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন। তার মতে, পর্যাপ্ত অর্থায়নের অভাবই এই সমস্যার অন্যতম কারণ।

তবে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, গত বছর বরাদ্দ করা ১২.৫ বিলিয়ন ডলারের বড় অংশই এখনো ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ব্যয় করেনি।

কংগ্রেসের তদারকি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার তিন-চতুর্থাংশেরও বেশি প্রযুক্তি ও সরঞ্জাম পুরোনো হয়ে গেছে অথবা জরাজীর্ণ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

অবকাঠামো আধুনিকায়নে বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ করা হলেও পরিকল্পনার দুর্বলতা ও বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে ভবিষ্যতেও এ ধরনের বিপর্যয় অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাতের সংকট টানা দ্বিতীয় দিনে গড়িয়েছে। শুধু ওই দিনই ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল অথবা বিলম্বের শিকার হয়েছে।

দেশটির বিমানবন্দরগুলোতে এখনো সংকটজনক পরিস্থিতি বিরাজ করছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। একের পর এক ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের দুর্ভোগ ও বিভ্রান্তি অব্যাহত রয়েছে।

এ ছাড়া, আমেরিকান এয়ারলাইনসের মতো কিছু বিমান সংস্থায় পাইলটসহ প্রয়োজনীয় জনবলের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।