প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে বহুরকমের চ্যালেঞ্জ আছে। অনাহুত পরিস্থিতি হতেই পারে। তবে আগামী নির্বাচন উৎসবমুখর হবে।

সিইসি বলেন, দেশবাসী নির্বাচন চায়। ইসির প্রতি মানুষের আস্থা আছে। সব ভয় কেটে যাবে। ভোটের দিন যত এগিয়ে আসবে আইনশৃঙ্খলা ভালো হবে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, বিগত ৩ টি নির্বাচনের আস্থাহীনতা কাটবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে। বর্তমান পরিস্থিতি ভোট উৎসবে বাধা নয়।

সিইসি বলেন, সারাবিশ্বে পোস্টাল ভোট মডেল হয়ে থাকবে। পোস্টাল ভোটের রেজিস্ট্রেশনের আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

ইসি মনে করছে, যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থা তত উন্নত হবে। নিবন্ধনের হার বাড়াতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।