নওগাঁয় প্রথমবারের মতো চালু হয়েছে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম। রোববার (১৫ নভেম্বর) নওগাঁ জেলায় এ প্রথমবারের মতো আধুনিক এ ই- ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম পদ্ধতি চালু করা হলো।

নওগাঁ জেলা ট্রাফিক পুলিশ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সড়ক পরিবহন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। আইন অনুযায়ী এ সমস্ত জরিমানা পূর্বে শুধুমাত্র UCB ব্যাংকের বুথ থেকে প্রদান করা যেত। পূর্বের সিস্টেমের ফলে গ্রাহক কে জরিমানা পরিশোধ করার জন্য অপেক্ষা করতে হতো এবং তার যেকোন ডকুমেন্ট সিজ করা হতো, এবং নির্ধারিত স্থানে গিয়ে জরিমানা পরিশোধ করতে হতো ।

কিন্তু নতুন চালু হওয়া ই-ট্রাফিক প্রসিকিউশম সিস্টেম, প্রসিকিউশন সিস্টেমে আধুনিকতা নিয়ে এসেছে। পুলিশ কর্মকর্তা নওগাঁ জেলার মধ্যে যেখানেই কোন যানবাহনের বিরুদ্ধে জরিমানা করবে, চালক বা মালিক ইচ্ছে করলে সেখানেই ক্রেডিট কার্ড /ডেবিট কার্ড/ বিকাশ অথবা নগদ যেকোনো অনলাইন ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের চ্যানেল ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। এখানে বাড়তি কোন ঝামেলা নেই। ইনস্ট্যান্ট ভোক্তা জরিমানা প্রদান করলে তার কোন ডকুমেন্ট জব্দ করা হবে না।

এর আগে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়।

উল্লেখ্য, এখানে নগদ টাকার লেনদেনের কোন সুযোগ নেই। অথবা নগদ টাকা প্রদান করে ট্রাফিক ফাইন প্রসিকিউশন প্রদানের কোন সুযোগ নেই। আরো উল্লেখ্য, যে নতুন সিস্টেমের পাশাপাশি পূর্বের পদ্ধতি ও চালু থাকবে।

পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ট্রাফিক পুলিশের ই -প্রসিকিউশনের নতুন এ পদ্ধতি জরিমানা প্রদানে জনগণের ভোগান্তি কিছুটা লাঘব করবে। সেই সাথে ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনা আধুনিকায়ন হবে।