যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রশাসন ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের প্রস্তুতি নিচ্ছে দলটি। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারের মতো উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দ্য ওয়াশিংটন পোস্ট এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের কর্মকর্তা ও উপসাগরীয় কূটনীতিকদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্প পরিবারের সঙ্গে এসব দেশের আর্থিক লেনদেন, বিনিয়োগ, সম্পত্তি কেনাবেচা এবং উপহার তদন্তের আওতায় আসতে পারে। এর মধ্যে কাতারের দেওয়া ৪০ কোটি ডলারের বিলাসবহুল উড়োজাহাজও রয়েছে।
তদন্তের অন্যতম লক্ষ্য হতে পারে ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়ালে আমিরাতের ৫০ কোটি ডলারের বিনিয়োগ। আমিরাতের রাজপরিবারের সদস্য শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান এ বিনিয়োগ করে। এর কয়েক মাস পর ইউএই উন্নত মার্কিন মাইক্রোচিপ ব্যবহারের অনুমতি পায়। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এ লেনদেনকে সরাসরি দুর্নীতি বলে অভিহিত করেছিলেন।
সৌদি আরবের সঙ্গেও ট্রাম্প পরিবারের বড় আর্থিক সম্পর্ক রয়েছে। ২০২১ সালে দেশটির সার্বভৌম সম্পদ তহবিল ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সে ২০০ কোটি ডলার বিনিয়োগ করে। এ ছাড়া সৌদি আরবে ট্রাম্প পরিবারের একাধিক আবাসন প্রকল্প ও ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। দেশটির সঙ্গে মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিও তদন্তের আওতায় আসতে পারে।
অন্যদিকে, কাতারের দেওয়া বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজকে ঘুষ হিসেবে আখ্যা দিয়েছিলেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তবে কাতারের দাবি, সমঝোতা স্মারকের মাধ্যমে আইনগতভাবে উড়োজাহাজটি হস্তান্তর করা হয়েছে।
ডেমোক্র্যাটরা সৌদি আরব, ইউএই ও কাতারকে সম্ভাব্য তদন্তে সহযোগিতার বিষয়ে সতর্ক করেছেন। সহযোগিতা না করলে অস্ত্র বিক্রি ও নিরাপত্তা সহায়তার মতো ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন ঝুঁকিতে পড়তে পারে। তবে দেশগুলো ব্যক্তিগত যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্য প্রকাশে অনীহা দেখাতে পারে বলে মনে করছেন কূটনীতিকেরা।
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ট্রাম্প পরিবারের আর্থিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ ছাড়াও সুদানের গৃহযুদ্ধে আমিরাতের ভূমিকা এবং ইয়েমেনে সৌদি সামরিক অভিযান নিয়ে ডেমোক্র্যাটদের অসন্তোষ রয়েছে।
সব মিলিয়ে ট্রাম্প পরিবারের আর্থিক লেনদেনের তদন্ত মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে নতুন সংকট তৈরি করতে পারে।