ইরানের অর্থনৈতিক অবকাঠামোতে নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় জ্বালানি অবকাঠামোসহ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা সামরিক অচলাবস্থা এবং স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে অগ্রগতি না হওয়ায় নতুন হামলার পরিকল্পনা করা হচ্ছে। তবে এ ধরনের হামলা ইরানকে কোনো ধরনের ছাড় দিতে বাধ্য করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে নতুন করে হামলা চালানোর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিও বিবেচনায় নিতে হবে ওয়াশিংটন ও তেল আবিবকে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুত কমে আসার বিষয়টি তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য অর্থনৈতিক সম্পদকে বিবেচনায় নেওয়া হচ্ছে। এর আগে দ্য নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় জ্বালানি কেন্দ্র, পারমাণবিক স্থাপনা এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অস্ত্রাগারও রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ওপর কয়েক মাস ধরে অর্থনৈতিক চাপ বাড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ, বিমান পরিবহন ব্যাহত করতে নিষেধাজ্ঞা এবং স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন হামলার পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত সামরিক স্থাপনার গণ্ডি ছাড়িয়ে দেশটির অর্থনৈতিক অবকাঠামোতেও ছড়িয়ে পড়তে পারে।