তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর কোনো আশ্বাস নয়, এবার সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ চান তিস্তাপারের মানুষ। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রংপুর নগরীর ইসলামবাগে স্কাইলন হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী। সাধারণ সম্পাদক শফিয়ার রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে সংগঠনটি। ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা গণআন্দোলন ছিল নদী ও জনপদ রক্ষায় উত্তরাঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। ওই আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদও। সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের পানিসম্পদ উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পটি অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকে। সংগঠনটির মতে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা ও রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। এতে তিস্তাপারের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখতে চান তাঁরা। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফরকে ঘিরে তিস্তা অববাহিকার মানুষের প্রত্যাশা, ওই গণসমাবেশ থেকেই যেন প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
সংগঠনের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিস্তা মহাপরিকল্পনা অনুমোদন, প্রকল্পের ব্যয় ও পর্যায়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রকাশ এবং ২০২৭ সালে প্রথম পর্যায়ের কাজ শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা। জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পৃথক বরাদ্দের মাধ্যমে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ।
এ ছাড়া নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, কৃষিবিদ, পরিবেশবিদ ও আন্দোলনরত সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে জবাবদিহিমূলক তিস্তা কর্তৃপক্ষ গঠন এবং দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগের দাবি জানানো হয়। বৈজ্ঞানিক জরিপের ভিত্তিতে নদী খনন, বালু-পাথর ব্যবস্থাপনা, ভাঙন প্রতিরোধ এবং বিচ্ছিন্ন শাখা নদী ও উপনদীগুলোর পুনর্জীবন নিশ্চিত করার কথাও বলা হয়।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশি, দেশীয় বিনিয়োগকারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ‘তিস্তা বন্ড’ চালু করে বিকল্প অর্থায়নের ব্যবস্থা এবং প্রকল্পের মাধ্যমে উদ্ধারকৃত জমিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা। পাশাপাশি কৃষক সমবায়ের মাধ্যমে আধুনিক কৃষি, সংরক্ষণ ও বাজারব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, তিস্তা কোনো নির্দিষ্ট অঞ্চলের বিচ্ছিন্ন সমস্যা নয়। এটি জাতীয় উন্নয়ন, খাদ্যনিরাপত্তা, কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। পদ্মা ব্যারেজ প্রকল্প ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হলে তিস্তার ক্ষেত্রে বিলম্ব কেন, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। তিস্তাপারের মানুষ কোনো অনুগ্রহ চান না, তাঁরা চান তাঁদের ন্যায্য অধিকার।
নেতারা বলেন, সরকারের ঘোষিত সাত থেকে আট বছরের মধ্যে প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য অর্জন করতে হলে এখনই একনেকের অনুমোদন, অর্থায়নের উৎস, বার্ষিক বরাদ্দ এবং পর্যায়ভিত্তিক কাজের সময়সূচি ঘোষণা করা জরুরি। মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন ও বন্যার দুর্ভোগ কমবে, কৃষিতে সেচের সুযোগ বাড়বে, শাখা নদীগুলো প্রাণ ফিরে পাবে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, অধ্যক্ষ মোহাম্মদ আলী, আব্দুর নুর দুলাল, মাহমুদুল আলম, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দের আহ্বান, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’। প্রতিশ্রুতির অবসান ঘটিয়ে এবার তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই।